শব্দমুকুর

বাংলাদেশের সর্বপ্রথম ও একমাত্র দ্বিভাষিক অনলাইন পাঠাগার
১৭-ফাল্গুন-১৪৩২ বঙ্গাব্দ । ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আমার শব্দমুকুর

শব্দমুকুরের কর্ণধার

শব্দমুকুর — জীবনযাপনের আয়না, চিন্তার প্রতিচ্ছবি,বাংলার আত্মপরিচয়

জীবনকে আমরা প্রত্যেকে ভিন্ন দৃষ্টিতে দেখি। কারও কাছে এটি এক স্নিগ্ধ, শান্ত পরিবারের বন্ধন; কারও কাছে সাফল্যের চূড়ায় ওঠার নিরন্তর প্রয়াস; কারও কাছে শিল্পের নীরব মাদকতা; আবার কারও কাছে নিখাদ ভালোবাসার নিবিড় সমর্পণ। কেউ জীবনকে উদযাপন করে হাসি–আনন্দের দোলায়, কেউ খুঁজে বেড়ায় প্রার্থনার নিভৃত আলোতে। কিন্তু শেষ পর্যন্ত জীবন মানে নতুনকে জানা, নতুনকে শেখা, আর প্রতিদিন নিজের ভেতরের মানুষটিকে আরেকটু পরিপাটি করে গড়ে তোলার এক অনন্ত যাত্রা।

আমরা উপলব্ধি করি, সুন্দর জীবন কেবল আরামের নাম নয় — এটি সৃজনশীল চিন্তা, সময়োপযোগী জ্ঞান, আত্মনির্ভরশীলতা, শুদ্ধ রুচি এবং একটি সুস্থ মানসিকতার দৈনন্দিন চর্চা। সহজ, পরিপাটি জীবন আসে কিছু ভালো অভ্যাস, কিছু সচেতন অনুশীলন এবং নিজের প্রতি একটুখানি দায়শীলতার মধ্যে দিয়ে। সেই দর্শন ও আকাঙ্ক্ষা থেকেই জন্ম নিয়েছে Shobdomukur.com — বাংলাদেশের প্রথম ও একমাত্র দ্বিভাষিক (বাংলা ও ইংরেজি) অনলাইন পাঠাগার, যেখানে জীবনকে দেখা হয় মানুষের অভিজ্ঞতা, অনুভব ও বাস্তবতার ভেতর দিয়ে। শব্দমুকুর তাই কেবল একটি সাহিত্য পোর্টালই নয়; এটি জীবনযাপনের আয়নায় আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও স্বপ্নের প্রতিফলন।

আমাদের এই পোর্টালের শুরুতেই আছে শব্দমুকুর ই–পত্রিকা, যা প্রতিটি মানুষের সামনে এমন এক দিগন্ত খুলে দেয় যেখানে জীবনকে আরেকটু সহজ, সুন্দর এবং সমৃদ্ধভাবে বোঝার চেষ্টা থাকে। অর্থনীতি থেকে বিনোদন, আইন, সাহিত্য, প্রযুক্তি, ফ্যাশন, রান্না, ভ্রমণ, অন্দরসজ্জা, কিংবা ব্যক্তিগত উন্নয়ন — সবকিছু আমরা উপস্থাপন করি সহজ ভাষায়, যাতে পাঠক নিজের জীবনধারা সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পান। আমরা কেবল তথ্যই দেই না; সমাধান দেই, চিন্তার জানালা খুলে দেই, জীবনকে সাজানোর উপায় নিয়ে মেধাবী লেখকদের ভাবনাকে উপস্থাপন করি। কারণ মানুষ আসলে যে তিনটি জিনিস খোঁজে — আনন্দ, স্বস্তি ও নিরাপত্তা — সেগুলোর উৎস লুকিয়ে থাকে আমাদের প্রতিদিনের ছোট ছোট অভিজ্ঞতাতেই। শব্দমুকুর ই-পত্রিকা সেই অভিজ্ঞতার ভেতরে আলো ফেলে, মানুষের জীবনকে একটু সহজ, একটু সুন্দর করে তোলার জন্য সঙ্গী হয়ে থাকে।

এই পাঠাগারের মধ্যেই রয়েছে আমাদের শব্দযাত্রার আরেকটি বিশেষ পরিসর — মনন মুকুর মিডিয়া প্রকাশনা। এটি আমাদের আত্মার আরও গভীর এক অঙ্গন, যেখানে পাঠক খুঁজে পাবেন নির্বাচিত ই–বই, ই-সংকলন ও ই-পত্রিকার ভুবন। মনন মুকুরের ই–বই বিভাগে রয়েছে নবীন ও অগ্রজ লেখকদের একক গল্প ও কবিতার বই, সেগুলো প্রতিটি নিজস্ব শিল্পসত্তা নিয়ে পাঠকের সামনে দাঁড়ায়। পাশাপাশি রয়েছে মনন মুকুরের নির্বাচিত সংকলন, যেখানে বাংলা শিল্প–সাহিত্যের কীর্তিমান ব্যক্তিত্বদের নিয়ে রচিত প্রবন্ধসমূহ একত্রিত হয়েছে সমসাময়িক প্রতিশ্রুতিশীল লেখকদের কলমে। আরও রয়েছে বিভিন্ন সাহিত্যপত্রিকা থেকে নির্বাচিত গল্প, কবিতা ও প্রবন্ধের সমৃদ্ধ সন্নিবেশ — কথার কাগজসহ দেশীয় অন্যান্য পত্রিকার সেরা লেখাগুলো এখানে পাঠকের জন্য উন্মুক্ত।

আরও একটি আনন্দের বিষয় হলো, শব্দমুকুরে মনন মুকুর প্রকাশনার পাশাপাশি বাংলাদেশের সুপরিচিত দুটি প্রকাশনার (স্টুডেন্ট ওয়েজ এবং আজব প্রকাশ) নির্বাচিত ই–বইও পাওয়া যাবে। আমরা গভীরভাবে অনুভব করি, প্রতিটি বই হবে পাঠকের মনের ভেতরে লুকোনো আলো জাগিয়ে তোলার একটি ছোট্ট প্রদীপ। সময়ের সঙ্গে আমরা আরও বিশেষ সংখ্যা ও নতুন প্রকাশনা নিয়ে এই পাঠাগারকে সমৃদ্ধ করে তুলবো, আর সবকিছুই পাওয়া যাবে একসঙ্গে আমাদের ওয়েব পোর্টাল shobdomukur.com–এ। আমাদের স্বপ্ন, বাংলা ভাষায় জীবনধারা, জ্ঞান, সংস্কৃতি ও সৌন্দর্যের শক্তি পৌঁছে যাক বিশ্বজুড়ে। আমরা মনে করি, একমাত্র সচেতন, সৃজনশীল ও মানবিক সমাজই ভবিষ্যতকে আলোকিত করতে পারে। তাই এই পাঠাগারের ই–বইগুলো কেবল পড়ার জন্যেই নয়, চিন্তার জন্য, অনুভবের জন্য, আর বাস্তব জীবনে প্রয়োগের জন্য। যারা ভাবেন, যারা অনুভব করেন, যারা জীবনের বাস্তবতায় দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে চান, তাদের কণ্ঠই শব্দমুকুর ওয়েব পোর্টাল। আমরা আছি আপনাদের প্রতিটি অনুভব, অভিজ্ঞতা, আনন্দ ও মানবিকতার প্রতিচ্ছবি হয়ে। কারণ শব্দ কখনো হারিয়ে যায় না, মুকুরে তার প্রতিধ্বনি বাজতেই থাকে, আর সেই প্রতিধ্বনির মধ্যেই আমরা খুঁজে পাই আমাদের আত্মপরিচয়।

ফারাহ জেহির

কর্ণধার ও সি.ই.ও
মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ও মিডিয়া

শব্দমুকুরের পরিবার

সাহিত্য কালের সীমানা অতিক্রম করার একমাত্র মাধ্যম। এখানে হৃদয়ের সকল অনুভূতি একই ক্যানভাসে রঙ মেলে, ভাবনার গূঢ় ব্যঞ্জনা ধ্বনিত হয় শব্দের নিখাদ সৃষ্টিতে। সাহিত্য সকল প্রাণের স্পন্দন, আত্মার বিমূর্ত অনুভব।

অয়ন আবদুল্লাহ
প্রোডাকশন প্রধান

Email: production@kotharkagoj.org

আমি নিজেকে একজন সাহিত্যকর্মী হিসেবে ভাবতে ভালোবাসি। আর তাই সম্পাদনার মাধ্যমে, গবেষণা নির্ভর লেখার মাধ্যমে ও কবিতা আবৃত্তির মাধ্যমে সংবেদনশীল, সমেত ও সুগম সাহিত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সাহিত্যের ভালোবাসা সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যেতে চাই।

নাঈমা পারভীন
নির্বাহী সম্পাদক, মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা

Email: commission-editor-mononmukur@kotharkagoj.org

সাহিত্য আমার আত্মার স্বর, দর্শন আমার চেতনার দিশারি, আর সৃজনশীলতা আমার নিশ্বাস। জীবনের যন্ত্রণায় যখন নীরব হই, শব্দেরা তখন প্রতিবাদ করে। আমি ভাবি, লিখি, গড়ি এক বিকল্প জগৎ - যেখানে মুক্তি আছে, স্বপ্ন আছে। এই গভীরে লুকানো আমিই আসল আমি।

তানজীনা ফেরদৌস
সম্পাদক, সংবেদনশীল, সমেত এবং সুগম সাহিত্য

Email: shobdomukur-editor@kotharkagoj.org

যে সাহিত্য আমাকে ভাবায়, নাড়া দেয়, মানুষ হবার যাত্রায় আরও দু'কদম এগিয়ে দেয়, সেই সাহিত্যই আমার জীবনবোধ, দর্শন ও পথ চলার দিকদর্শন।

বনোমিতা ঘোষ
নির্বাহী সম্পাদক, টুকুর মুকুর শিশু-কিশোর ই-পত্রিকা

Email: managing-editor-TukurMukur@kotharkagoj.org

Magazine

শব্দ মুুকুর

শব্দ মুকুর প্রতিমাসের একটি অনন্য জীবনধর্মী ই-পত্রিকা, যেখানে বাঙালি জীবনের গল্প হৃদয়ের তুলিতে আঁকা হয়। প্রতিটি লেখায় আপনি খুঁজে পাবেন আপনার নিজের সুর—যা গঠিত আমাদের আকাঙ্ক্ষা, ভাবনা ও অনুভূতির ছায়ায়, প্রতিফলিত সমকালীন জীবনের আয়নায়। নানা দৃষ্টিভঙ্গি থেকে আমরা জীবনের মৌলিক দিকগুলো অন্বেষণ করি, গড়ে তুলি জীবন ও সাহিত্যের মাঝে এক দুর্লভ সংলাপ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

বাংলার জীবন, বাংলার স্বর - প্রতিটি মানুষের জীবনের গভীর অনুভূতি, চিন্তা ও গল্পকে শব্দে বাঁধাই করে ভবিষ্যতের সাহিত্য গড়া।

সময়ের আয়না, সমাজের কণ্ঠস্বর যুগের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে জীবনযাত্রার সঠিক প্রতিফলন তৈরি করা।

ভাবনা যেখানে মুক্ত, গল্প যেখানে জীবন্ত – মানুষের প্রতিটি ভাবনা, অনুভূতি ও স্বপ্নকে সাহিত্যের আলোয় এনে জীবনধারার সত্যিকার ছবি আঁকা।

জীবনের শব্দ, হৃদয়ের আয়না – প্রতিটি মানুষের দৈনন্দিন গল্পকে তুলে ধরা, যাতে সবাই নিজেদের খুঁজে পায় আমাদের পাতায়।

সবার জন্য, সবার কথা – শ্রেণি, পেশা, বা বংশ পরিচয়ের বেড়াজাল ভেঙে সংবেদনশীল, সমেত এবং সুগম শিল্প ও সাহিত্যের প্রসার-ই আমাদের অঙ্গীকার।

সংস্কৃতি, জীবনধারা, পরিবর্তন – বাংলা সংস্কৃতি, আধুনিক চিন্তা আর জীবনযাত্রার নতুন দিগন্ত উন্মোচন করা আমাদের লক্ষ্য।

Trade License No: TRAD/DNCC/037536/2024

শব্দমুকুর হলো মুকুর অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন ও মিডিয়া -

- শব্দ মুকুর জীবনযাপনের প্রতিমাসের ই-পত্রিকা, মনন মুকুর মিডিয়া ই-প্রকাশনা এবং অন্যান্য প্রকাশনার অনলাইন পাঠাগার।